প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 31, 2026 ইং
লোহাগাড়ায় প্রবাসীকে নিজ ভবন থেকে উচ্ছেদ প্রচেষ্টা, হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আব্দুল ওয়াহাব, লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় সদরে দয়ার পাড়া এলাকায় প্রবাসীকে নিজ ভবন থেকে উচ্ছেদ, হুমকি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৩০ মার্চ সোমবার সন্ধ্যায় উপজেলা সদরে একটি রেস্টোরেন্টে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ ইদ্রিস।
তিনি বলেন, আমার ছেলে মোহাম্মদ জাহেদুল ইসলাম ২০১২ থেকে দীর্ঘদিন যাবত জীবিকা নির্বাহের উদ্দেশ্যে ওমানে প্রবাস জীবন অতিবাহিত করে আসছেন। বিগত ২৭/০৭/২০১৭ ইংরেজী তারিখে সে তার মা নুর জাহান বেগম এর কাছ থেকে লোহাগাড়া মৌজায় ২.১২ শতক জমি হেবার মাধ্যমে প্রাপ্ত হয়। দলিলটি হেবা হলেও একই তারিখে আমার ছেলে ব্যাংক এশিয়া লোহাগাড়া শাখার ০২০৩৪০১০৪৬৪ একাউন্ট নম্বর থেকে ক্যাশ উত্তোলন করে তার মা নুর জাহান বেগমকে ৪,৮০,০০০/-(চার লক্ষ আশি হাজার) টাকা জমির মূল্য বাবদ পরিশোধ করে। লোহাগাড়া সদরের ২নম্বর ওয়ার্ডের দয়ার পাড়া সংলগ্ন টেন্ডল পাড়া জামে মসজিদের পূর্ব পাশে ওই জমিতে আমার ছেলে প্রবাসের কষ্টার্জিত সঞ্চিত টাকা ব্যয় করে সাড়ে ৪ তলা ভবন নির্মাণ করে। যা বর্তমানে বাসা ভাড়া দিয়ে আসছি। আমি ৩ ছেলে ও ১ মেয়েক নিয়ে রশিদার পাড়া নিজ বসতবাড়িতে সংসার জীবনে সুখের সাথে অতিবাহিত করে আসছিলাম। পারিবারিভাবে বনিবনা না হওয়ায় বিগত ২০২০ সালে আমার স্ত্রী নুর জাহান বেগমের সাথে আমি মোহাম্মদ ইদ্রিচের ডিভোর্স হয়ে যায়। আমাদের উভয়ের মধ্যে পারিবারিক মামলা আদালতে বিচারাধীন আছে। পারিবারিক রেশারেশির জেরে আমার স্ত্রী নুর জাহান বেগম, মেয়ে ফাতেমাকে সাথে নিয়ে স্থানীয় বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমার ছেলে জাহেদের মালিকানাধীন দয়ার পাড়াস্থ মাসকেট বিল্ডিং থেকে উচ্ছেদ করে দখলের জন্য দীর্ঘদিন যাবত চেষ্টা করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২৯/০৩/২০১৭ ইংরেজী তারিখে নুরজাহান বেগম ও ফাতেমা স্থানীয় কুচক্রীমহলের প্ররোচনা ও সহযোগিতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, হুমকি ও সম্মানহানী করে আসছে। এব্যাপারে আমি স্থানীয় প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট